ঢাকার চকবাজারের মঞ্জুর খান প্লাজায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর আজ ভোরে নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
এর আগে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সোমবার বিকাল ৫টা ২ মিনিটের দিকে ছোট কাটরা এলাকায় এসি মসজিদের পাশের সাততলা ভবনের ষষ্ঠ তলায় এ আগুন লাগে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। ভবনের ষষ্ঠ তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কসমেটিকস, ইলেকট্রনিক পণ্য ও ছাতা মজুত থাকা বেশ কিছু গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, ভবনটি থেকে নির্গত ঘন কালো ধোঁয়া আগুন নেভানোর কাজকে বেশ চ্যালেঞ্জিং করে তুলেছিল। এ সময় ধোঁয়া সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে একাধিক ফায়ারকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে দমকলকর্মী পাঠায়। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
