শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আয়োজক ও দর্শনার্থীদের পাঁচটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই না করে লাইক, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে প্রবেশপথে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ব্যাগ বা পোটলা নিয়ে প্রবেশ নিরুৎসাহিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাঁদের পরিচয়পত্র ও বিশেষ পোশাকের মাধ্যমে সহজে শনাক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন মণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুল্যান্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। এ ছাড়া পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের নির্ধারিত নিয়ন্ত্রণকক্ষের নম্বরেও যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
