রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৈরি করা চাঁদাবাজদের তালিকায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে।
ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসুম খান রাজেশের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
