পাহাড়ের বালি অবৈধভাবে উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। তবে উখিয়া উপজেলা জুড়ে পাহাড় কাটা, অবৈধভাবে বালি উত্তোলন ও ডাম্প ট্রাকে মাটি পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ড চলছে। বুধবার কক্সবাজারের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পায়। পরে সেখান থেকে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়। যৌথ এ অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের বিশেষ বনরক্ষী দলের সদস্যরা অংশ নেন। এদিকে উখিয়ার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা, বালি উত্তোলন ও ডাম্প ট্রাকে মাটি পরিবহনের অভিযোগে পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বৃষ্টির পানি নিষ্কাশন, ভূমিক্ষয় ও পাহাড় ধসের ঝুঁকিও বাড়তে পারে।
স্থানীয়দের মতে, বিচ্ছিন্ন অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলন বন্ধ করা কঠিন। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
