৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক ১জন
কক্সবাজারে অভিজাত ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছিল কারবার
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত আসামিদের সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার শহরের নিউ সার্কিট হাউজ রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) শেষ রাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলীর নেতৃত্বে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়া নিউ সার্কিট হাউজ রোড এলাকার ‘কোরাল রিপ পূর্বিতা সুলতান ভিলা’র ৯ম তলার ৮/এ নম্বর ফ্ল্যাটে এই সফল অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার নাউডোবা এলাকার আব্দুল কাদেরের ছেলে আরমান রয়াতী প্রকাশ আরমান বয়াতী (২৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ওয়াহেদপুর এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ শামীম (৩০) এবং ভোলা জেলার চরফ্যাশন থানার ভূইয়ারহাট এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ রাকিব (২৫)।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল ওই বহুতল ভবনের ৯ম তলার ফ্ল্যাটে তল্লাশি চালায়। এ সময় আসামিদের দেখানো মতে তাদের শয়নকক্ষের ওয়াল কেবিনেট থেকে ২টি কালো রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ দুটির ভেতরে স্কচটেপ দিয়ে পেঁচানো ৩০টি প্যাকেটে থাকা নীল রঙের পলিজিপার থেকে মোট ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে তারা উক্ত ফ্ল্যাটে মজুদ রেখেছিলেন।
ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মো. রাহাদ হোসেন (২৬) নামের এক পলাতক আসামির সহায়তায় তারা পরস্পর যোগসাজশে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে ইয়াবা কেনাবেচার আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলেন। ফ্ল্যাটটির ভাড়ার চুক্তিনামাও পলাতক রাহাদের নামে রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত আসামিদের সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
