ঝালকাঠির নলছিটি উপজেলায় ৯৫৩ পিস ইয়াবাসহ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি মাদকদ্রব্য বহনে ব্যবহৃত হতো বলে পুলিশ জানিয়েছে। আটক রাজিব ওই এলাকার আমির আলী শিকদারের ছোট ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বরিশাল-পটুয়াখালী মহাসড়কসংলগ্ন দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায়। তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি তৌহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নলছিটি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/শিলি