
কুমিল্লায় রাস্তা নির্মাণে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান রোড এলাকায় একটি প্রস্তাবিত রাস্তা নির্মাণে বাধা এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ১নং ওয়ার্ড বিএনপির যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা তাছলিমা আক্তার রিতা (৪২)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দায়ের করা অভিযোগে তাছলিমা আক্তার রিতা উল্লেখ করেন, তাঁর বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি কাঁচা রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ১৪ থেকে ১৫টি পরিবারের সদস্যরা চলাচল করে আসছেন। তবে রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অভিযোগে বলা হয়, স্থানীয় বাসিন্দারা বিষয়টি কুমিল্লা সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানালে প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাস্তাটি পরিদর্শন করেন। পরে জনদুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের উদ্যোগে রাস্তাটি নির্মাণের আশ্বাস দেওয়া হয় বলে দাবি করেন অভিযোগকারী।
তাছলিমা আক্তার রিতার অভিযোগ, রাস্তার নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেওয়া হলে আবুল কালাম আজাদ ও তাঁর সহযোগীরা এতে বাধা দেন এবং কাজ করতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেন। গত ১৩ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ভাটপাড়া কবরস্থান রোডের কাউছার স্টিলের গলিতে এ ঘটনা ঘটে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিকভাবে বৈঠক করা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের সামনে মানববন্ধন করে প্রশাসককে বিষয়টি জানানো হয়। এসব ঘটনার পর থেকে তাঁরা হুমকির মুখে রয়েছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ ঘটনায় আবুল কালাম আজাদ ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তাছলিমা আক্তার রিতা।
অভিযোগকারী প্রশাসনের সহযোগী সহযোগিতা কামনা করছেন, আইনগতভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
