পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নসিমনের (ভটভটি) ধাক্কায় খাইরুল ইসলাম (৪০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটি সড়কের বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটে।
নিহত খায়রুল ইসলাম তিন সন্তানের বাবা। তিনি উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও গ্রামের মো আমিনুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম বাইসাইকেল যোগে বারঘাটি বাজার অভিমুখে আসার সময় করলার বস্তা ভর্তি নসিমন গাড়িটি দ্রুত গতিতে এসে পেছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় খাইরুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এ সময় তার মাথা থেকে রক্ত ঝড়তে থাকে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে অবস্থা বেগতিক দেখে নসিমন চালক হাসিবুল ইসলাম (৪৫) গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমনটি জব্দ করে নিহতের মরদেহ থানায় নিয়ে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
