সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান তাঁদের ১৪তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। এই বিশেষ দিনটিতেই ভক্তদের জন্য একটি দারুণ সারপ্রাইজ নিয়ে হাজির হয় নেটফ্লিক্স। জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ -এর আসন্ন পর্বের একটি মজাদার প্রমো রিলিজ করা হয়, যেখানে সাইফ-করিনার রোমান্টিক শোবার ঘরের এক দারুণ মজার ও গোপন তথ্য ফাঁস হয়ে যায়!
শো-এর মঞ্চে সঞ্চালক কপিল শর্মা দম্পতিকে প্রশ্ন করেন, ১৪ বছর বিয়ের পরও তাঁদের এই 'চিরতরুণ' লুকের রহস্য কী? বিন্দুমাত্র সময় না নিয়ে সইফ এর কৃতিত্ব দেন ঘি-কে। করিনাও যোগ করে বলেন যে তাঁদের বাড়িতে প্রচুর ঘি খাওয়া হয়, তাঁদের বাচ্চারাও ঘি খায়। করিনা বলেন, "আমরা ঘি খাই, আমাদের বাচ্চারাও খায়।"আর ঠিক তখনই মাঝপথে কথা কেড়ে নিয়ে সইফ এক মজার ও অপ্রত্যাশিত স্বীকারোক্তি করে বসেন। সইফ বলেন, "ও শুধু খায়ই না, রাতে শোওয়ার সময় পায়েও ঘি মাখে!" করিনাও সঙ্গে সঙ্গে সমর্থন করে বলেন যে এটা নাকি ঘুমের জন্য ভীষণ উপকারী।
https://www.instagram.com/reel/Deg-hICqgOC/
এরপর সইফ যা বলেন, তাতে স্টুডিওর দর্শকরা হাসিতে ফেটে পড়েন। রসিকতা করে সইফ বলেন, "একবার ভেবে দেখুন তো, এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত, অথচ আমাদের বেডরুম থেকে রাতে ধাবার মতো গন্ধ বেরোচ্ছে!"
সইফের এই মজার মন্তব্য শুনে দর্শকরা তো বটেই, খোদ কপিল শর্মাও আর হাসি চেপে রাখতে পারেননি। কপিল আবার সঙ্গে সঙ্গে অর্চনা পূরণ সিংকে নিয়ে একটি মজার জোকস জুড়ে দেন এবং বলেন যে অর্চনাজি হয়তো পায়ে ঘি মেখে সেই একই ঘি আবার রুচিতে মাখান! আগামী শনিবার, ১৭ অক্টোবর নেটফ্লিক্সে এই পুরো মজার পর্বটি সম্প্রচারিত হবে।
বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতি। উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর ডেট করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে সইফের বান্দ্রার বাসভবনে অত্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন সইফ ও করিনা। ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল।
