প্রতিনিধি, সুনামগঞ্জ · ১৬ অক্টোবর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে জেলার সদর উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রেজিয়া খাতুনের সঙ্গে তার পুত্রবধূর ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত নুরু আলমকে আটক করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
গুগলে আমাদের খবর পেতে
