কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ সোনার খনি ধসে ১৪ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
নারিনিও বিভাগের সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে পৌরসভার গ্রামীণ চাম্বেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারিনিওর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
নারিনিওর দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিয়ো জানান, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তবে যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সান্তা বারবারা দে ইস্কুয়ান্দে ঘন বৃষ্টিবন দিয়ে ঘেরা একটি এলাকা। সেখানে কেবল নৌকা অথবা ছোট উড়োজাহাজে করে পৌঁছানো যায়।
এক্সে দেয়া এক বার্তায় এসকোবার বলেন, সোনার খনিটি ছিল একটি ‘অনানুষ্ঠানিক’ খনি।
কলম্বিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অনানুষ্ঠানিক ও নিয়ন্ত্রণহীন খনন কার্যক্রম বেশ প্রচলিত। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামো থাকে না, ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এসকোবার লেখেন, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো জীবন বাঁচানো, পরিবারগুলোর পাশে থাকা এবং এই মর্মান্তিক বিপর্যয় মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ নিশ্চিত করা।
গত আগস্টে নারিনিও বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের একটি খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।
