স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় হালতী বিলে আইন লঙ্ঘন করে মাছ শিকারের দায়ে মোঃ কাশেম আলী সরদার (৫৯) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৬৫ পিস চায়না রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হালতী বিলের মহনপুর এলাকা থেকে আঁচড়াখালী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা প্রাপ্ত কাশেম আলী সরদার নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী এলাকার বাসিন্দা। তিনি জসিম উদ্দিন সরদারের ছেলে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
