প্রকাশিত: ২০:২৬, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ২০:২৭, ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার
ফরিদপুর-ঢাকা-খুলনা মহাসড়কে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা যাত্রীবাহী অটোরিকশা ও প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে। এতে অটোরিকশার চালক এবং যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক তেঁতুলতলা এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকার ও অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে সেগুলোর ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। এতে অটোরিকশা ও প্রাইভেটকার দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক এবং অটোরিকশায় থাকা মা ও ছেলে পিষ্ট হয়ে মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেছেন, “দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
