রাজধানীর হাজারীবাগের বড়ইখালীতে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদী কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে মোবাইলে তাকে বলা হয়, ‘কালকের মধ্যে ঝামেলা শেষ করতে বল, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’। ?শনিবারের (গতকাল) মধ্যে সমঝোতা না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’- এই কথা বলে হাজারীবাগের বড়ইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়। মামলার বাদীকে এবার মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে গতকাল সকালেও প্রতিষ্ঠানটির দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান মামলার বাদী আফসার উদ্দিন। পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোনে কল করে তাকে হুমকি দেওয়া হয়। ফোনে তাকে এক দিনের সময় দেওয়া হয়। শনিবারের মধ্যে থানায় করা মামলা তুলে না নিলে তার লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ব্যবহৃত মুঠোফোন নম্বরের সিমের নিবন্ধন হবিগঞ্জের চুনারুঘাটের একটি চা-বাগানের এক নারী শ্রমিকের নামে পাওয়া গেছে। তবে প্রাথমিক তদন্তে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সিমটি নেওয়ার তথ্য পাওয়া গেছে।
