পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
খোলা বাজার অনলাইন, ডেস্ক.
- আপডেট সময় : ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পুলিশকে শক্তিশালী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। তিনি বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিন-রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন হবে। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে নতুন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগে পুলিশের বিদ্যমান সমস্যাগুলো শিগগিরই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক অগ্রগতি জরুরি। দেশে বেকারত্ব রয়েছে। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার এই সংখ্যায় যুক্ত হচ্ছেন। বেকারত্বসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
আইজিপি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতিসহ ১৫টি সামাজিক সমস্যা সমাধানে কাজ করা সম্ভব।
কিশোর গ্যাং নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কমিটির কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে। কোন এলাকায় কারা মাদক গ্রহণ বা অপরাধে জড়িত, সে বিষয়ে স্থানীয় বাসিন্দারা ভালো জানেন। তাই অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে আইজিপি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

