চীনের ইউনান প্রদেশের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনে ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার চিকিৎসাসেবা পেয়েছেন ছানি আক্রান্ত রোগীরা।
এ উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের উদ্বোধন এবং ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা রাখছে। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে চীন সহযোগিতা করে আসছে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্কও গভীর।
মন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় নীলফামারীতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলছে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ছানি অস্ত্রোপচার করা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিআলো/শিলি