খুলনা গেজেট অক্টোবর ১৮, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে রবিবার (১৮ অক্টোবর) নগরীর মজিদ সরণি ও কেডিএ অ্যাপ্রোচ রোডে অবৈধ স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ৯টি মামলার বিপরীতে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযান চলাকালে অবৈধ ভাসমান দোকানপাট গুঁড়িয়ে দেওয়ার সময় কিছু ব্যবসায়ী ও দখলদার বাধা দেন এবং পুলিশ ও কর্তৃপক্ষের সাথে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
কেসিসি’র সম্পত্তি শাখার কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, দুপুর পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে কেডিএ’র বাংলো পর্যন্ত আসি। এ সময় ২ জন ছেলে আমাদের কার্যক্রম মিস গাইড করতে থাকে, তাদের বাবার দোকানের জন্য। পরবর্তীতে তাদের দু’জনকে আটক করে পুলিশের গাড়িতে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় এলাকাবাসী একত্র হয়ে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন কিছুটা শোরগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে মোচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
কেসিসি সূত্রে জানা যায়, মোবাইল কোর্টের আওতায় সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ ও বিনা অনুমতিতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে সোনাডাঙ্গার অব্দুর রাজ্জাককে ৫০০ টাকা, মামুনুজ্জামান সজীবকে ১০ হাজার টাকা, গোলাম মোহাম্মদ খানকে ৫ হাজার টাকা, মাসুদকে ১০ হাজার টাকা, শহিদুল ইসলামকে ২ হাজার টাকা, মেহেদী হাসানকে ২ হাজার টাকা, সৌমিত্রকে ২ হাজার টাকা, খসরুকে ৩ হাজার টাকা এবং হেলাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অসংখ্য অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান সাংবাদিকদের বলেন, ফুটপাথগুলো অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এসব অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব। প্রশাসনের হাতে একটি তালিকা আছে। সেই তালিকা অনুযায়ী জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগে অভিযান চালানো হবে। এরপর ধাপে ধাপে খুলনা শহরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি বলেন, মূলত হকারদের কিছু অবৈধ দোকানপাট আছে, আর কিছু নির্মাণসামগ্রী আমাদের অনুমতি ছাড়া সেখানে রাখা হচ্ছে। এভাবে ফুটপাথ দখল হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশে এ কার্যক্রম চলছে, আমাদের এখানেও চলমান থাকবে। আইন অনুযায়ী জরিমানাসহ সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপসারণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দীনসহ কেএমপি’র সদস্যরা।
খুলনা গেজেট/উউরা
