জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বিরোধী দল বাস্তবায়ন করেই ছাড়বে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে জুলাই সনদ স্বাক্ষরের প্রথম বার্ষিকী উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শপথ গ্রহণের দিন থেকেই বিএনপি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা শুরু করেছে। তাঁর দাবি, দলটি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করছে এবং এসব প্রতিষ্ঠান দলীয় কর্মীদের দিয়ে পূর্ণ করছে।
জামায়াত আমির বলেন, পতিত স্বৈরাচারের দেখানো পথেই হাঁটছে বিএনপি। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে বিরোধী দল অনড় থাকবে। তাঁর ভাষ্য, জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে। বিরোধী দলের সহযোগিতা গ্রহণের যোগ্যতা সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, ‘বিএনপির মুখে জুলাই সনদ, বুকে আওয়ামী লীগ।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্দিষ্ট একটি গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থে জুলাই সনদ বাতিলের চেষ্টা চলছে। তাঁর মতে, জুলাই সনদ নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ নির্মাণের দলিল। আন্দোলনের মধ্য দিয়েই এই সনদ বাস্তবায়ন করা হবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। সংবিধান দিয়ে রাজনৈতিক প্রশ্ন মোকাবিলার চেষ্টা জাতির সঙ্গে প্রতারণার শামিল। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়বে বলে মন্তব্য করেন তিনি। এ সনদ বাস্তবায়নে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি।
এমএম/
