অনলাইন ডেস্ক
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে সারাদেশে জাতীয় শোক দিবস পালন করা হবে। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহিদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, প্রতিবছর ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস' হিসেবে পালিত হবে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশের সব মসজিদে বিশেষ দুয়া অনুষ্ঠিত হবে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের নিজস্ব পদ্ধতিতে প্রার্থনা করা হবে।
