পরাজিত শক্তি দুর্গাপূজাকে ম্লান করতে চেষ্টা করছে, মণ্ডপ পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সারের ডিলার পাওয়ার জন্য বিএনপি রাজনীতি করেনি, জনগণের কল্যাণ করাই একমাত্র লক্ষ্য।
সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহয়ের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, রাজনীতি করে রাতারাতি বড়লোক হওয়া কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা মানুষের জায়গা দখল বা লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়াবেন না, এমন আচরণ নিশ্চিত করতে হবে। বিএনপির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, কে কোন পদ পেলেন, সেটি বড় বিষয় নয়। সরকারের ভাবমূর্তি ভালো রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সহযোগিতা করা সবার দায়িত্ব। তৃণমূলের নেতাকর্মীরাও সরকারের অংশ। তাই প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাহারা ও নজরদারির দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ডিজেলের সংকট কৃষি উৎপাদনের জন্য উদ্বেগের বিষয়, বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডাল ও অন্যান্য ফসল উৎপাদনে ডিজেলের প্রয়োজন হয়। বলেন, জ্বালানি সংকটের কারণে একপর্যায়ে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।
