অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও সিআরপির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন
প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃত্ব বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সিলেটে ‘স্ট্রং ওপিডি’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সিলেট নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত পরিচিতি ও অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) যৌথভাবে সিবিএম গ্লোবাল ডিজঅ্যাবিলিটি ইনক্লুশনের আর্থিক সহযোগিতায় তিন বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রায় ২০টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সাংগঠনিক সক্ষমতা যাচাই করা হবে। পরে নির্বাচিত ছয়টি সংগঠনের নেতৃত্ব বিকাশ, ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ, অধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও সম্পদ সংগ্রহে কাজ করা হবে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক হাজার মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদা সুলতানা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক বোঝা হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ নিশ্চিত করা গেলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক সেলিম রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে তাদের নিজস্ব সংগঠনকে শক্তিশালী করা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। প্রকল্পের আওতায় বিশেষ করে প্রতিবন্ধী নারী ও তরুণদের নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এম এ রফিক বলেন, প্রকল্পের কার্যক্রম যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে বাস্তব ও দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রউফ শাহ জানান, প্রতিবন্ধী যুবকদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অগ্রাধিকারভিত্তিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
প্রকল্পের ওপিডি কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. তুহিনুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার নাহিদ হোসাইন ও সিআরপির টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাহমাতুল বারি। উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সিলেট জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ রায় ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
গুগলে আমাদের খবর পেতে
