শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. ইফতেখারুল আলম বেগ। তিনি বলেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজা পূজাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে তিনি খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দির পূজামণ্ডপ, খাগড়াপুর অখণ্ডমণ্ডলী পূজামণ্ডপ, শ্রী শ্রী জগন্নাথ মন্দিরসহ জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিজিবি সর্বদা সতর্ক থাকবে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। উদযাপনকারীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রাখবে।
