চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।
সাম্প্রতিক সময়ে একই ইউনিয়নে মাটি কাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালিত হওয়ায় এলাকায় টিলা কাটার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চলে। এ সময় অনুমতি ছাড়া টিলা শ্রেণির জমি কাটার অভিযোগে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে বলে জানানো হয়। এর আগে গত ১৬ অক্টোবর দিবাগত রাতে পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন।
ওই অভিযানে মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে সেপ্টেম্বরেও একই উপজেলায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানার খবর প্রকাশিত হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে টিলার মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান,পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটা নিয়ন্ত্রণ জরুরি।পাশাপাশি অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে।
The post ফটিকছড়িতে ফের টিলা কাটা,এবার ৫০ হাজার টাকা জরিমানা appeared first on Dhaka Protidin.
