রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো: আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষার্থীর মন্তব্যকে হিংসাত্মক ও আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে এ চিঠি দেয়া হয়।
একই দিন কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী মো: আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবির নিচে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করেছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের নজরে আসার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়।
কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. শাহনাজ পারভিন বলেন, ‘আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে, সেটিকে আমরা গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য একাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ যেহেতু ব্যবস্থা নিতে পারে না, তাই যেখান থেকে ব্যবস্থা নেয়া যায়, সেখানেই চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী চিঠি পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ২০ অক্টোবর রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান রুয়েটের গাড়িতে চলাচল করেন। ফেসবুকে সেই ছবি দেখে আবু বকর সিদ্দিক মন্তব্য করেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’
মন্তব্যটি নজরে আসার পর গত ২২ অক্টোবর রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে আটক করে পুলিশ। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে অবশ্য তার বাবাকে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আবু বকরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। রোববার জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
