রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই কনসার্টের মূল আকর্ষণ ছিলেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউল; তারা মঞ্চে ওঠার সময় তৈরি হয় এ বিশৃঙ্খলা। এ ঘটনায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন দর্শক-শ্রোতাদের অনেকে।
কনসার্ট শেষে সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দর্শক-শ্রোতারা। বিভিন্ন ব্যান্ডভিত্তিক গ্রুপেও এ নিয়ে পোস্ট দিতে দেখা যায় তাদের। একজন লিখেছেন, ‘কনসার্টের গেট ভাঙার জন্য ঢাকার মানুষেরা সেরা।’ সামাজিক মাধ্যমে এমন বিভিন্ন পোস্টে টিকিট ছাড়া দর্শকদের ভেতরে প্রবেশের অভিযোগ উঠে আসে।
এদিকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কনসার্টস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। এ সময় কিছু দর্শককে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতেও শোনা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, কনসার্টের ব্যবস্থাপনা ঠিক ছিল না এবং টিকিট ছাড়াই অনেক মানুষ ভেতরে ঢুকে পড়েছেন। ছড়িয়ে পড়া অন্য কিছু ভিডিওতে কনসার্টের বেষ্টনি ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখা যায়। কয়েকজনকে সেই বেষ্টনি টপকে ভেতরে ঢোকার চেষ্টা করতেও দেখা গেছে।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের দিকে পাথর ছোড়া হয়েছে, যার কিছু তাদের শরীরেও লেগেছে। এক দর্শকের অভিযোগ, আয়োজকদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া কনসার্টে মাদক নিয়ে প্রবেশ, ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
এসব ঘটনায় টিকিট কেটে কনসার্ট দেখতে যাওয়া দর্শকদের অনেকে আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন্স-এর ব্যবস্থাপনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। পরে বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় বলে খবর পাওয়া গেছে।
তবে কনসার্ট ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে আয়োজকপক্ষের কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি।
ডিএ
