মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার দুপুরে ফিফা সভাপতিকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ইনফান্তিনোর এই সফর কোনো আনুষ্ঠানিক সফর নয়। মরক্কো থেকে ভুটানের থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়।
বিমানবন্দরে ইনফান্তিনোকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁর যাত্রাবিরতির আনুষ্ঠানিকতা সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছিল বাফুফে।
এই সফরে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে ইনফান্তিনোর সঙ্গে তাবিথের এটি প্রথম সাক্ষাৎ নয়। এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপ চলাকালে তাঁদের বৈঠক হয়েছিল। ওই সাক্ষাতের পর ফিফা সভাপতির নেতৃত্বের প্রশংসাও করেছিলেন বাফুফে সভাপতি।
এদিকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। অবশ্য এসব বিতর্কের সঙ্গে ইনফান্তিনোর ঢাকা যাত্রাবিরতির কোনো যোগসূত্র নেই।
