পণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভোক্তার অধিকার সুরক্ষা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ (A Shared Vision for a Better World: Affordable and Clean Energy)।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে এম হানিফ। এ সময় বিএসটিআইয়ের বিভিন্ন কার্যক্রমের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পণ্যের গুণগত মান ভোক্তার আস্থা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। মানসম্মত পণ্য পাওয়া ভোক্তার অধিকার। অন্যদিকে, নিম্নমানের পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে পণ্যের মান নিশ্চিত করা জরুরি।
বক্তারা নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে বিএসটিআইয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তারা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিএসটিআইয়ের হালাল সনদ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দৈনন্দিন লেনদেন ও বাণিজ্যে মেট্রিক পদ্ধতির পরিমাপ ব্যবহার এবং পণ্যের মোড়কে নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানান।
এ ছাড়া পণ্যের মান যাচাইয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন সম্পর্কে ভোক্তাদের সচেতনতা বাড়ানো এবং প্রযোজ্য ক্ষেত্রে কিউআর কোড (QR Code) স্ক্যান করে পণ্যের তথ্য যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনার সঞ্চালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে পণ্যের মান নিশ্চিতকরণ, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে ভোক্তার আস্থা বাড়বে, দেশীয় শিল্পের সক্ষমতা শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তাসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
