পূর্ব বর্ধমানের কালনায় তৈরি হওয়া দুর্গাপ্রতিমা পাঠানো হচ্ছে সুদূর ইংল্যান্ডে।
কালনার হাটগাছা গ্রামের মৃৎশিল্পী তাপস পাল এ বার তৈরি করেছেন মাত্র ২৮ ইঞ্চি উচ্চতার দুর্গাপ্রতিমা। মূর্তির ওজন পাঁচ কেজি। মূর্তিটির বরাত এসেছে ইংল্যান্ড থেকে।
প্রতি বছর প্রতিমা তৈরিতে নানা চমক আনেন তাপস। সাবেকি ঘরানার প্রতিমা তৈরির সঙ্গে তিনি জোড়েন নিজস্ব শৈলী। তাপসের শিল্পকর্মের বিশেষ পরিচিতি রয়েছে। এ বছরও বিভিন্ন ধরনের প্রতিমা গড়ার বরাত পেয়েছিলেন তিনি। সমাজমাধ্যমের দৌলতে তাঁর কাজ পৌঁছে গিয়েছে বিদেশেও। তাপস জানান, কলকাতার এক বাসিন্দা তাঁর তৈরি একটি মূর্তির ছবি সমাজমাধ্যমে দেখেছেন। তিনি ইংল্যান্ডে ছেলের কাছে একটি দুর্গাপ্রতিমা পাঠাতে চান। সেই সূত্রেই কালনার হাটগাছা গ্রামে তৈরি হওয়া প্রতিমা পাড়ি দিতে চলেছে ইংল্যান্ডে।
তাপস মূর্তিটি গড়েছেন খড় এবং মাটি দিয়ে। অন্যান্য বরাতের কাজের পাশাপাশি ওই প্রতিমাটি তৈরি করতে মৃৎশিল্পীর সময় লেগেছে সাত-আট দিন। কাজ শেষ করতে রাতভর পরিশ্রম করেছেন তিনি।
এলাকাবাসীরা জানাচ্ছেন, বেশ কয়েক বছর ধরে প্রতিমাশিল্পী হিসেবে পরিচিতি বেড়েছে তাপসের। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর তৈরি প্রতিমা পৌঁছেছে। এ বার তাপসের তৈরি মূর্তি বিদেশে পাড়ি দিচ্ছে জেনে আনন্দিত সকলে।
