গাজীপুরের শ্রীপুরে খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন কয়েক হাজার মানুষ।
সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছিল। গর্তে পড়ে ঘটছিল ছোট-বড় দুর্ঘটনাও। এমন পরিস্থিতিতে সড়কটি সংস্কারে উদ্যোগ নিয়েছেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. শরাফত আলী।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি নিজ উদ্যোগে বালি দিয়ে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার জৈনাবাজার–আবদার গ্রাম কলেজ মোড় থেকে উত্তর দিকে বিজিএম স্কুল ও ব্রাইট কালার মাদ্রাসার সড়কটি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে গর্তে পড়ে যানবাহনের ভারসাম্য হারানো এবং দুর্ঘটনার আশঙ্কা ছিল।
এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে বালি ফেলে সংস্কারের উদ্যোগ নেন শরাফত আলী। তাঁর এ উদ্যোগে সাময়িকভাবে হলেও চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
শরাফত আলী বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করেই নিজের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে দিয়েছি। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা প্রয়োজন।
The post শ্রীপুরে খানাখন্দে ভরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী শরাফত আলী appeared first on Dhaka Protidin.
