শরতের নীল আকাশ, নদীর পাড়ে মৃদু বাতাস আর সাদা কাশফুলের অপরূপ সৌন্দর্য। বদলে গেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের করতোয়া নদীর চরাঞ্চল। নদীর পাড়জুড়ে ফুটে থাকা কাশফুলের শুভ্রতায় সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।
শরতের প্রতিটা বিকেলে দেখা যায়, করতোয়া নদীর বিস্তীর্ণ চরজুড়ে সবুজ ঘাসের ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে ফুটে আছে সারি সারি সাদা কাশফুল। নরম রোদে সাদা কাশফুলের দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে উঠছে। কেউ কাশবনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। আবার কেউ নদীর পাড়ে বসে উপভোগ করছেন প্রকৃতির নীরব সৌন্দর্য।
বিশেষ করে জাতের ঘাট এলাকায় দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছেন কাশফুলের সৌন্দর্য দেখতে। ফলে জায়গাটির সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকাতেও।
দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় কেনাবেচা বেড়েছে এলাকার ব্যবসায়ীদের। তারা বলছেন, করতোয়া নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য হয়ে উঠেছে কর্মস্থান। এখানকার আয় দিয়ে চলছে অনেকের পরিবার।
করতোয়ার বুকে জেগে ওঠা চর আর তার ওপর ছড়িয়ে থাকা সাদা কাশবন এখন প্রকৃতিপ্রেমীদের টানছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে নদীর পাড়। কাশফুলের শুভ্রতায় যেন সেখানে বসেছে শরতের এক নান্দনিক মেলা।
