রাজধানীর গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এ রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
কর্তৃপক্ষের বরাতে জানা যায়, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি, রান্নার মশলা ও আচার লেবেলহীন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় পরিলক্ষিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্ট কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি।
এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ও অবিলম্বে আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল।
