শারদীয় দুর্গোৎসবের পর শ্রীমঙ্গলে কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে শহরের পুরান বাজারে বসেছে লক্ষ্মীপূজার প্রতিমার হাট। হাটে বিভিন্ন আকার ও নকশার প্রতিমা বিক্রি হচ্ছে। ক্রেতারা পছন্দের প্রতিমা কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। প্রতিমা কিনতে আসা নারীদেরও দেখা যাচ্ছে বাজারে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কোজাগরী লক্ষ্মীপূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। দেবী লক্ষ্মীকে ধন-সম্পদ, সৌভাগ্য, শস্য ও সমৃদ্ধির দেবী হিসেবে পূজা করা হয়। ভক্তরা সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দেবীর আরাধনা করেন। সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য জানান, প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বিচরণ ও জেগে থাকা ভক্তদের আশীর্বাদ করেন।