দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি—এমন মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ্যানি চৌধুরী বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর ভিন্নতা থাকলেও সবার পরিচয় বাংলাদেশি। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে গেছেন। এই পরিচয়কে ধারণ করে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এদিন পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা শংকর মজুমদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএস/
