প্রকাশিত: ১২:৪১, ১৭ অক্টোবর ২০২৬
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ধর্ষণ মামলায় অভিযুক্ত শৈক্যচিং মার্মা
বান্দরবানে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ৪৩ বছর বয়সী এক নারী বান্দরবান সদর থানায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা করেন। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত শৈক্যচিং মার্মা বান্দরবান সদর উপজেলার মধ্যম পাড়ার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করছেন। অভিযুক্ত ব্যক্তি তার দূরসম্পর্কের দুলাভাই। বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশের একটি রিসোর্টে নিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, শুক্রবার ওই নারী ও অভিযুক্ত ব্যক্তি রিসোর্টে দুপুরের খাবার খান। বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে জানান এবং খারাপ ব্যবহার শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বান্দরবান সদর থানার তদন্ত (ওসি) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে বান্দরবান সদর মধ্যম পাড়া নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
