হিলি: নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ১ হাজার ৮৭২টি পুরোনো কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মুদ্রা পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
জব্দ করা কয়েনগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) যৌথভাবে এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন— পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মো. রশিদ মিয়া (৫২) এবং ধামুরহাট বাজার এলাকার মো. রুবেল মিয়া (৫০)।
বিজিবি জানায়, অভিযানে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ধরনের পুরোনো কয়েনের পাশাপাশি বাংলাদেশের ১ টাকার ৩২টি কয়েন এবং সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা কয়েন ও মোবাইল ফোনসহ তাদের পত্নীতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
