নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু ও অন্তত ৩০ জনের আহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ তায়াআলার নিকট নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সব বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
জামায়াত সেক্রেটারি আরও বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এমন ক্ষয়ক্ষতির ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকেরা যাতে গাড়ি চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করাসহ সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী
১৬ অক্টোবর ২০২৬
১৬ অক্টোবর ২০২৬
১৩ অক্টোবর ২০২৬
