কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁ পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা।
প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট স্থানীয়দের বক্তব্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লেষ থাকা নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন তারা।
তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম ) তাসনীম জাহান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপ টুপ রিসোর্টটির ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো ধরণের অনুমোদন ছিল না। আগুনের সূত্রপাতের কারণ এবং অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনার বিষয়ে তদন্ত কমিটির সদস্যরা তথ্য সংগ্রহ করছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এর আগে চুড়ান্ত নোটিশ প্রদান করা হলেও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা কোনো ধরণের কার্যকর ব্যবস্থা নেয়নি।
তদন্তের পর অভিযুক্ত প্রতিষ্ঠানটির কী কী ধরণের অনিয়ম রয়েছে তার সার্বিক তথ্যাদি উপস্থাপন করা সম্ভব হবে।
নিহতদের মরদেহের পরিচয় ঘিরে বিভ্রান্তির বিষয়ে তদন্ত কমিটির প্রধান বলেন, ঘটনায় ভুক্তভোগী পরিবারের স্বজনদের সঙ্গে তদন্ত কমিটির সদস্যদের যোগাযোগ হয়েছে। কিন্তু তাদের তথ্যের সঙ্গে লাশের সংখ্যার মিল থাকলেও মৃতদেহগুলো অঙ্গার হয়ে বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃতদের ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড হয়। সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরবর্তীতে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে ১০ জন নিহত হয়েছেন।
