রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, হুমকি, সহিংসতা ও ভাঙচুরের ঘটনা রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ রিট দায়ের করেন।
রিটে সাংস্কৃতিক, সংগীত, নাট্য, চলচ্চিত্র ও ঐতিহ্যবাহী কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শকদের অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি বাধা, ভয়ভীতি, হুমকি, সহিংসতা, ভাঙচুর ও জবরদস্তি থেকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে আবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩রা সেপ্টেম্বর এ বিষয়ে আবেদনকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ওই আবেদনে কনসার্ট, সংগীত পরিবেশনা, লোকসংগীত, বাউলগান, নাট্য প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, ঐতিহ্যবাহী নৌকাবাইচ, পহেলা বৈশাখ উদ্যাপনসহ অন্যান্য শান্তিপূর্ণ সাংস্কৃতিক উৎসবের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। পাশাপাশি এসব আয়োজনে অংশ নেওয়া শিল্পী, সাংস্কৃতিক কর্মী, আয়োজক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়।
রিটে আবেদন নিষ্পত্তি না করার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।
এ ছাড়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত উল্লিখিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুরক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে। রিটে ন্যায়বিচারের স্বার্থে আদালতের উপযুক্ত ও প্রয়োজনীয় অন্য আদেশও চাওয়া হয়েছে।
