মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল নিয়ে একটি বাস্তবধর্মী সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
মহড়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। দুর্যোগের আগাম প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ পরিবার ও বাড়ি থেকে সচেতনতা কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বছরের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। প্রতিপাদ্যের আলোকে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দুর্যোগের ঝুঁকি কমানো এবং নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আয়োজিত এসব কর্মসূচি শেষ হয়।
The post জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন appeared first on ভোরের চেতনা.
