নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানবববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে জেলা জাতীয় পার্টির নিজস্ব কার্যালয় হাটখোলা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধনে রূপ নেয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম।
সমাবেশে বক্তারা জি এম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আটকের দাবি জানান। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়িতে হামলা চালানো হলো, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিল না—এটি অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামীতে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদসহ জেলা জাতীয় পার্টি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
