অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে মধ্যস্থতার ভূমিকায় এবার সক্রিয় হয়েছে কাতার। এতদিন পাকিস্তান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বৃহস্পতিবার তেহরান সফরে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ইরানকে ফের কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
তেহরানে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের ঘালিবাফের সঙ্গে বৈঠকে আল-থানি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে কথা বলেন। জবাবে ঘালিবাফ জানান, যুক্তরাষ্ট্র যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা বন্ধ করে, তাহলে তেহরান আবার আলোচনায় ফিরতে পারে।
বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়েও আলোচনা হয়। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ফলপ্রসূ আলোচনায় আগ্রহ দেখানো পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। হোয়াইট হাউসও জানিয়েছে, প্রেসিডেন্ট উপযুক্ত সময় নির্ধারণ করলেই কেবল ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হবে।
