লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।
গতকাল শনিবার রাত ৩টা দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও ৮ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। বিজিবি সতর্ক অবস্থান ও প্রতিবাদের মুখে বিএসএফ তাদের পুশইনের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করেছে। পরিস্থিতি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
