নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ৯ জন, নিয়মিত মামলার ১৭ জন, অন্যান্য ধারায় ১২ জন, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া মাদকসেবী দুজন, পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার তিন আসামি, অন্যান্য ধারায় তিনজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া দুই মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন ও একজন চোরসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ছয় বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ১৪ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত একজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ ৫৬ বোতল ফেনসিডিলজাতীয় ওষুধ ফেয়ারডিল (FAIRDYL) এবং ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া আট মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার পাঁচ আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ছয় মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুজন ও নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ অন্যান্য ধারায় নয়জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন মাদক ব্যবসায়ী, দুই মাদকসেবী, মোবাইল কোর্টে দণ্ডিত দুই ব্যক্তি এবং মামলার পাঁচ আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
