প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। নুরের বক্তব্যকে রূপক অর্থে ‘মিসাইল’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এতে মগবাজার ও বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে নুরের সেই তেজস্বী কণ্ঠ আবারও ফিরে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে রাশেদ খাঁন বলেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত, শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই, যার বক্তব্য জনতার মধ্যে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করতে পারে।
নুরকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রাশেদ খাঁন আরও লেখেন, ‘ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।’
তিনি আরও লেখেন, নেতার বলিষ্ঠ কণ্ঠ জেল, জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়। গোপনে শিবির এবং প্রকাশ্যে ছাত্রলীগ করার মাধ্যমে এমন ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুরের রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, বিরোধী রাজনীতিতে নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। তবে জামায়াত ও এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে বলে দাবি করেন তিনি।
নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে তাকে চেনেন উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘ভিপি নুর মানেই একটা বারুদ।’
/অ
