সিলেট নগরীর শাহি ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বারের মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন। ছবি: খবরের কাগজ
সিলেট নগরীর ঐতিহাসিক শাহি ঈদগাহ মাঠে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমীন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, যেকোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক চালিকাশক্তি সচল রাখতে বাণিজ্য মেলার ভূমিকা অপরিসীম। বাণিজ্য মেলা কেবল পণ্য ক্রয়-বিক্রয়ের একটি মাধ্যম নয়, বরং এটি উৎপাদক ও ক্রেতার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে।
আরও পড়ুন
পণ্যের গুণগত মান প্রদর্শন, বাজার যাচাই এবং নতুন নতুন ভোক্তা তৈরি করার ক্ষেত্রে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের অবদান আজ অনস্বীকার্য। মেধা, শ্রম ও সৃজনশীলতা দিয়ে আমাদের নারীরা কেবল নিজেদের আত্মনির্ভরশীল করছেন না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে এক বিপ্লব ঘটাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম (বিপিএম), সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, সিলেট উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট উইমেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।
আরও পড়ুন
পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং উপযুক্ত বিক্রয়-বিপণনের সুযোগ তৈরি করে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। অনেক সময় দেখা যায়, আমাদের নারী উদ্যোক্তারা চমৎকার ও মানসম্মত পণ্য তৈরি করা সত্ত্বেও সঠিক বিপণন ব্যবস্থার অভাবে তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেন না। তিনি বলেন, এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের চাহিদা ও মতামত জানতে পারবেন, যা পণ্যের মান উন্নয়নে সাহায্য করবে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সিলেট উইমেন চেম্বার আয়োজিত এই বাণিজ্য মেলাটি মূলত একের ভেতর দুই। একদিকে এটি আমাদের নারী উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার এবং বিপণনের এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে; অন্যদিকে শহরবাসীদের জন্য উপহার দিয়েছে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো ও একটু আনন্দের ছোঁয়া পাওয়ার চমৎকার একটি স্থান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা বলেন, মেলা কেবল অর্থনৈতিক লাভের হিসাব দিয়ে একটি বাণিজ্য মেলার সার্বিক প্রভাব বিচার করা যায় না। বাণিজ্য মেলা মূলত একই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা এবং সামাজিক বিনোদনের এক অপূর্ব মেলবন্ধন। তিনি মেলা সফলতায় সিলেটের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এএফ/
