জাতীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ, সংসদীয় কমিটির কার্যক্রম, লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকগুলোতে সংসদীয় কার্যক্রমের উন্নয়ন, গণতান্ত্রিক সংস্কার ও রোহিঙ্গাসংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংসদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রায় ১৫ লাখ রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে স্টিফেন রড্রিকস বলেন, বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক আরও বিকশিত হয়েছে। নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও পরিচিতিমূলক কর্মসূচি আয়োজন, সংসদীয় কমিটিগুলোকে সহায়তা, লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন এবং ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা দিতে প্রস্তুত।
