অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। সদ্য সমাপ্ত সিরিজের শিক্ষা আগামী দিনে কাজে লাগাতে চান ক্রিকেটাররা।
আজ দেশে ফেরার পর নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। ব্যাটারদের ইনিংস বড় করতে না পারা নিয়ে আক্ষেপও করেছেন তিনি।
সোবহানা বলছিলেন, 'ওরা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা সবাই জানি। ওদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। আমার সেঞ্চুরি না, একেকদিন একেকজন অবদান রেখেছে। প্রথম দিন রিতু মনি, তারপর জ্যোতি, সোবহানা এবং স্বর্ণা।'
‘হয়তোবা বোলারদের জন্য অনেক ভালো টার্গেট দিতে পারিনি। তবুও দ্বিতীয়বার হিসেবে আমার জন্য ভালো ছিল। আমার কাছে মনে হয় যদি আমরা ২৫০-৩০০ রান দিতে পারতাম, হয়তোবা বোলারদের জন্য আরেকটু সহজ হয়ে যেতো।'
চলতি বছরে নিউজিল্যান্ডে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। সোবহানা মনে করেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে লাগবে, 'আমার কাছে মনে হয় যেহেতু এত ভালো দলের সাথে আমরা করতে পেরেছি, ভবিষ্যতে আমাদের যে খেলাগুলো আসছে নিউজিল্যান্ড, তারপর ওয়েস্ট ইন্ডিজ। এই অভিজ্ঞতা আমরা সেখানে কাজে লাগাতে পারব।'
এসএইচ
