মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে। তিনি পেশায় পাখিভ্যানের চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ভ্যানকে ধাক্কা দেয়।
বিজ্ঞাপন
বাসের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হন ভ্যানচালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বামন্দী আল-ফালা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার নামক স্থানে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
-323852.jpg&w=1440&q=75)