প্রকাশিত: ১৩:৪১, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১৩:৫২, ১৮ অক্টোবর ২০২৬
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুঘর্টনাকবলিত চাঁদের গাড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাত পর্যটকই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।
আহত ব্যক্তিরা হলেন- আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার, আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। তাদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনায় নাসরিনের মাথায় আঘাত লেগেছে। মো. শাহজাহানের হাত কেটে গেছে এবং কিশোরী আশার ডান হাত ভেঙে গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
