আজকাল ওয়েবডেস্ক: আন্দামান সাগরের উত্তর-মধ্য অংশে যে ঘূর্ণাবর্ত ছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে সম্ভাবনা সত্যি করেই। হাওয়া অফিস শুক্র দুপুরে জানিয়েছে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপটির পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৫ অক্টোবর আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
এখানেই শেষ নয়, গভীর নিম্নচাপ ২৬ অক্টোবর সকালের নাগাদ এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। পরবর্তী ২ দিনে এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা এবং তারপরে ঘূর্ণিঝড় উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া, ২৮ থেকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক এজলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণব-এর প্রভাবে, ২৭ অক্টোবর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ২৭ তারিখ।
২৮ তারিখেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে) এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা।
২৯ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও দমকা হাওয়ার সতর্কতা। ২৮-২৯ তারিখে রাজ্যের প্রায় সব জেলায় হলুদ সতর্কতা জারি।
অন্যদিকে, ২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি। ২৪ অক্টোবর এই গতিবেগ বেড়ে ঘণ্টায় ৪৫-৫৫ কিমি হতে পারে, বাতাসের গতিবেগ আরও বাড়ার সম্ভাবনা শনিবার। ২৫অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, তৎসংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫০-৬০ কিমি হওয়ার সম্ভাবনা। ২৬ অক্টোবর সকালেই পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ আরও বেড়ে ঘণ্টায় ৭০-৮০ কিমিতে পৌঁছতে পারে।
নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের ২৭তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। যেসব মৎস্যজীবী বর্তমানে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৬শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শও দেওয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
